উপকথা

জাপানের লোককাহিনি লেজে-দৌড়

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২২:০২

এক বিশাল মাঠে এক মজার দৌড় প্রতিযোগিতা। বেড়াল আর কাঁকড়ার দৌড়। দৌড়ের রাজা বেড়াল ভাবে, কাঁকড়া কী আর অমন দৌড়াবে! মাঝপথে দম ফুরিয়ে যাবে।

কাঁকড়ার পীড়াপীড়িতেই শেষমেষ দৌড় শুরু হয়। চালাক কাঁকড়া এক বুদ্ধি আঁটে। দৌড়ের শুরুতেই কাঁকড়া বেড়ালের লেজে চড়ে বসে। সেদিকে বেড়ালের কোনো খেয়ালই নেই। কেবলই ছুটছে। কাঁকড়ার কাছে হারলে ভারি লজ্জার বিষয় হবে। কাঁকড়ার এমন লেজে-দৌড়ে মাঠের চারপাশে পশুপাখির সে কী মজা!

প্রতিযোগিতার একেবারে শেষ মুহূর্ত। লেজ ছেড়ে চতুর কাঁকড়া আচমকা বেড়ালকে শুধোয়, ‘এইমাত্র পৌঁছালে?’

কাঁকড়াকে দেখে বেড়ালের চোখ ছানাবড়া। সামনেই জয়-রেখা। আর রেখার ওপারে বিজয়ী কাঁকড়া।

কাঁকড়ার বুদ্ধির জোরেই অহংকারী বেড়ালের এমন হার!

রূপান্তর :কুতুব আজাদ