এমপিও আবেদনের সময় পুনঃ নির্ধারণ জরুরি

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২২:১০

বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শে ২৬ মার্চ থেকে টানা লকডাউনের আওতায় সারা দেশ। গণপরিবহণ বন্ধসহ আন্তঃযোগাযোগ বিচ্ছিন্ন। অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে ২৬ এপ্রিল থেকে স্বল্প পরিসরে মন্ত্রণালয় খোলা হয়েছে। হয়তো সামনের দিনগুলোতে শিক্ষা মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজগুলো আস্তে আস্তে গতি পাবে।

সাধারণত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অনলাইন আবেদন জোড় মাসের দশ তারিখের মধ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (USEO)-এর কাছে পাঠাতে হয়। উপজেলা শিক্ষা অফিসার যাচাই-বাছাই সাপেক্ষ যোগ্য প্রার্থীদের পরবর্তী ব্যবস্থা নিতে জেলা শিক্ষা অফিসে প্রেরণ করেন। সে হিসাবে শিক্ষকদের এপ্রিলের এমপিও আবেদন ১ থেকে ১০ এপ্রিলের মধ্যে করার কথা থাকলেও লকডাউনের কারণে অনেকেই নির্ধারিত সময়ে তা পাঠাতে পারেননি। কার্যত ২৬ মার্চ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছাড়াও অনলাইন আবেদন পয়েন্টসমূহ বন্ধ। ফলে গত কয়েকমাসে শূন্য পদের বিপরীতে যোগদানকৃত ও মামলা-মোকদ্দমার কারণে পেন্ডিং থাকা কয়েক শ শিক্ষক-কর্মচারী আবেদন করতে পারেননি।  তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মে মাসের নির্ধারিত এমপিও সভার আগে সকল শিক্ষক-কর্মচারীকে সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

রেদোয়ান হোসেন

সহকারি শিক্ষক,

রাশেদ খান মেনন মডেল উচ্চ বিদ্যালয়,

বাবুগঞ্জ, বরিশাল