করোনা প্রতিরোধে নৌবাহিনীর সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২২:১২

দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় হাতিরঝিল এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ওষুধ ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নৌবাহিনী। মঙ্গলবার নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি চট্টগ্রাম ও খুলনার দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নৌবাহিনী নিয়মিতভাবে জীবাণুনাশক ওষুধ ছিটানো, চিকিত্সা সহায়তা, অসহায় ও দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়াসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

নৌবাহিনী সূত্র আরো জানায়, নৌসদস্যরা এসব এলাকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে নিয়মিত মাইকিং করা ও বিভিন্ন লিফলেট বিতরণ করছেন। তাছাড়া নৌসদস্যরা উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনসমাগম পরিহার করে স্থানীয় গরীব, দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করছেন।