করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে রিক্রুটিং এজেন্সির কর্মচারীদের বেতন ও অফিস ভাড়া প্রদানের জন্য বায়রার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় ফেরতযোগ্য শর্তে লাইসেন্স জামানতের অর্ধেক পরিমাণ অর্থ রিক্রুটিং এজেন্টদের প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)র মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোকে জামানতের ৫০ শতাংশ টাকা উত্তোলনের জন্য বিএমইটির মহাপরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ১ বছরের মধ্যে উক্ত টাকা অবশ্যই ফেরত প্রদান করবে মর্মে রিক্রুটিং এজেন্সিকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মহাপরিচালক, বিএমইটি বরাবর অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
উল্লেখ্য, ফেরতযোগ্য জামানতের উক্ত ৫০ শতাংশ অর্থ নির্ধারিত সময়ের মধ্যে ফেরত প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া যে সব এজেন্সির লাইসেন্স বাতিল-স্থগিত কিংবা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে সে সব রিক্রুটিং এজেন্সির আবেদন বিবেচিত হবে না।
