শেখ জামালের জন্মদিন উপলক্ষ্যে হাজার পরিবারকে খাদ্য দিল স্মৃতি পরিষদ

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২২:১৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজ ছেলে শহিদ মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৬৭তম জন্মদিন উপলক্ষ্যে এক হাজার পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদ। গতকাল দুপুরে মহাখালিতে আই পি এইচ স্কুল ও কলেজ মাঠে শেখ জামাল স্মৃতি পরিষদের সভাপতি ও বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিমউদ্দিনের উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক এমপি। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, সাবান, পেঁয়াজ, আলু ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি এ কে এম জসিমউদ্দিন জানান, প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে এই দিনটি (শেখ জামালের জন্মদিন) পালন করা হলেও এবার করোনার কারণে তা করা হয়নি।