ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়ীয়া উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বাকতা, কালাদহ, এনায়েতপুর ও রাঙামাটিয়ায় প্রচুর করলা চাষ হয়। বিগত বছর করলা চাষ করে অনেকে লাভবান হয়ে দ্বিগুণ উত্সাহে এবার করলা চাষ করে ক্ষতির মুখে পড়েছেন। ৩০ টাকা কেজির করলা এখন বিক্রি হচ্ছে দুই টাকা দরে। কালাদহ গ্রামের করলাচাষি ছাত্তার জানান, তিনি তিন কাঠা জমিতে করলা আবাদ করেছেন। করলার বাজার ধসে এ পর্যন্ত তিনি বিক্রি করেছেন ৩/৪ হাজার টাকা। যা খেতে সার প্রয়োগের টাকাও হচ্ছে না। করলা পাইকার বেলায়েত হোসেন বলেন, তিনি কালাদহ বাজার থেকে ১৫ বছর ধরে সবজি ঢাকার কাওরান রাজারে বিক্রি করেন। এবারের মতো বাজার ধস আর কখনো হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন নাহার জানান, করলাচাষিরা দাম না পেয়ে হতাশ। যারা ত্রাণ দিচ্ছে তারা যদি চালের সঙ্গে পুষ্টিকর সবজি বাজার থেকে কিনে তাহলে কৃষক কিছুটা রক্ষা পান।
