টেম্পারিংয়ের পক্ষে নন হোল্ডিং-ওয়াকার

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২২:৩৪

বলের ওপর লালা ব্যবহার

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাস নতুন এক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে ক্রিকেটকে। ঐহিত্যগতভাবে বল চকচকে রাখার জন্য বোলার-ফিল্ডাররা লালা ব্যবহার করেন। কিন্তু করোনা সংকট কেটে গেলেও লালার ব্যবহার করা নিয়ে সংশয় থাকবে। তাই বলা হচ্ছে, কিছুটা বল টেম্পারিং এর বদলে বৈধ করে দেওয়ার কথা। কিন্তু এই ধারণার বিপক্ষে বলেছেন দুই সাবেক পেসার মাইকেল হোল্ডিং ও ওয়াকার ইউনুস।

মাইকেল হোল্ডিংয়ের অবস্থান বল টেম্পারিং বৈধ করার বিপক্ষে। বলে লালার বদলে কৃত্রিম বস্তু ব্যবহারের ভাবনা একদমই মানতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি পেসার।

তিনি বলেন, ‘আমি পড়েছি যে, আইসিসি কোভিড-১৯ রোগের কারণে বলে লালা ব্যবহার থেকে ক্রিকেটারদের দূরে রাখার কথা ভাবছে এবং বল উজ্জ্বল করতে কৃত্রিম বস্তু ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে, সেটা আবার আম্পায়ারের সামনে। আমি এর পেছনের যুক্তি বুঝতে পারছি না।’

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস মনে করেন, বলে লালা ও ঘামের ব্যবহার বোলারদের অভ্যাস, যা নিয়ন্ত্রণ করা অসম্ভব। তার মতে, ‘ফাস্ট বোলার হিসেবে আমি এটা মানতে পারছি না কারণ এটা (লালা ও ঘামের ব্যবহার) প্রথাগত প্রক্রিয়া। একটি বল সারা দিনই হাত বদল হয়, আপনি দৌড়াচ্ছেন, হাপাচ্ছেন, ঘাম ঝরছে এবং লালা ব্যবহার করছেন, এটা পরিকল্পনা ছাড়াই হয়ে যায়। এটা একটা অভ্যাস এবং এটা নিয়ন্ত্রণ করা যাবে না।’