সকাল ৮টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। আজ রবিবার সকাল ৮টার কিছুক্ষণ পর এই কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের ড. কামাল হোসেন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন না হলে বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। বিভিন্ন আসন থেকে খবর আসছে যে আমাদের দলের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।’
ড. কামাল হোসেন আরো বলেন, ‘ভোট দিতে না দেওয়াটা স্বাধীনতা থেকে বঞ্চিত করা। সুষ্ঠু নির্বাচন না হলে তা বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।’
আরো পড়ুন: শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে ঐক্যফ্রন্টের বিজয় হবে: ফখরুল
ড. কামাল ভিকারুন্নিসা স্কুলে তার দলের এজেন্ট রয়েছে উল্লেখ করে বলেন, এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।
ইত্তেফাক/মোস্তাফিজ
