পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেয়ার মতো অভিযোগ পায়নি পুলিশ। কেন্দ্রে পোলিং এজেন্টদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের।’
রবিবার সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরীতে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এ দাবি করেন আইজিপি।
আইজিপি জানান, বিচ্ছিন্নভাবে চট্টগ্রামে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, ময়মনসিংহে একটি কেন্দ্রে হামলায় পুলিশ আহত হয়েছে ও পুলিশের দুটি অস্ত্র লুট হয়েছে, ভৈরবে হামলা হয়েছে, নোয়াখালীর দুটি কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে, একটি কেন্দ্রে ব্যালট পেপার লুট হয়েছে। এ ঘটনাগুলো ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে হচ্ছে।
আইজিপি বলেন, কোথাও কোথাও সংঘর্ষের আশঙ্কা রয়েছে, সেসব জায়গায় পুলিশ সতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটলে তা যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করতে নিষেধ করেছেন তিনি।
আজ ৩০ ডিসেম্বর রবিবার সকাল আটটায় সারাদেশে একযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল চারটা পর্যন্ত। এরপর শুরু হবে ভোটগণনা ও ফলাফলের পালা।
ইত্তেফাক/এএম
