পুলিশকে সাত ব্যাংক দিল ২ লাখ পিপিই ও মাস্ক

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০০:৪২

পুলিশকে আন্তর্জাতিকমানের ১ লাখ পিপিই এবং ১ লাখ মাস্ক দিয়েছে দেশের সাতটি ব্যাংক। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আইজিপি ড. বেনজীর আহমেদের কাছে এসব পিপিই ও মাস্ক হস্তান্তর করা হয়। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আন্তর্জাতিকমানের পিপিই এবং মাস্ক তৈরি করেছে বেক্সিমকো গ্রুপের নতুন প্রতিষ্ঠান বেক্সিমকো পিপিই ডিভিশন। আইজিপি ব্যাংকগুলোর এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের মানবিক কাজে বাংলাদেশ পুলিশের পাশে থাকায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।