করোনা ভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে ভেন্টিলেটর খুব দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে বিশ্বের খ্যাতনামা মেডিক্যাল যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রোনিকের ‘পিবি ৫৬০’ মডেলের স্পেফিকেশনে ‘ডব্লিউপিবি ৫৬০ ভেন্টিলেটর’ তৈরি করেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা জানান। তিনি বলেন, ওয়ালটন কর্তৃক দেশে তৈরি ভেন্টিলেটরের তিন মডেলের ফাংশনাল প্রোটোটাইপ শিগিগর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে প্রেরণ করা হবে। অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার পর পরীক্ষামূলক ও বাণিজ্যিক উত্পাদনে যেতে পারবে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইসিটি সচিব এন এম জিয়াউল আলম, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ, ওয়ালটনের ভেন্টিলেটর প্রকল্প প্রধান প্রকৌশলী গোলাম মোর্শেদ, ওয়ালটনের পরিচালক লিয়াকত আলী
পলক বলেন, ফাংশনাল প্রোটোটাইপের তিনটি ভেন্টিলেটরের মধ্যে একটি ওয়ালটন মেডট্রোনিকের সঙ্গে তৈরি করেছে। যৌথভাবে তৈরি এ ভেন্টিলেটরের নাম দেওয়া হয়েছে ডব্লিউপিবি ৫৬০। অন্য দুইটি ওয়ালটনের নিজস্ব উদ্ভাবন। এগুলোর নাম ‘ওয়ালটন কোভিড বিল্ড ভেন্টিলেটর ২০২০ বা ডব্লিউসিভি-২০ এবং অন্যটি ডব্লিউএবি-২০’।
কোভিড-১৯ মহামারিতে রোগীদের নিয়ে যখন বিশ্ব জুড়ে মৃত্যুর মিছিল তখন আয়ারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান মেডট্রোনিক তাদের পিবি ৫৬০ মডেলের ভেন্টিলেটরের নকশা উন্মুক্ত করে দেয়। এজন্য বিশ্বে প্রশংসিত হচ্ছেন প্রতিষ্ঠানটির বাঙালি চেয়ারম্যান ও সিইও ওমর ইশরাক।
