সরকারের কাছে পাওনা বিজ্ঞাপনের বিল পত্রিকাসহ সব গণমাধ্যমকে পরিশোধের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ছাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সব সচিবকে এ চিঠি ইতিমধ্যে পাঠানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন। বিল পরিশোধের বিষয়টি যেন মন্ত্রিপরিষদকে অবহিত করা হয় সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘লকডাউন’ পরিস্থিতিতে গত রবিবার আনুষ্ঠানিকভাবে সীমিত পরিসরে সচিবালয় খোলার দিন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ মন্ত্রণালয়ের সচিবসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ঐ বৈঠকে এক জন কর্মকর্তা পত্রিকাসহ সব গণমাধ্যমের বিজ্ঞাপন বিল পরিশোধে সব মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী তাত্ক্ষণিকভাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, চিঠিতে উল্লেখ করা হয় বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম সরকারের অনেক মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কাছে বিজ্ঞাপন বাবদ বিল পায়। করোনা পরিস্থিতির কারণে সরকারি দপ্তর বন্ধ থাকায় অনেক বিল জমা হয়ে গেছে। গুরুত্বপূর্ণ গণমাধ্যমের আর্থিক কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে। এমন অবস্থায় সব সরকারি প্রতিষ্ঠান যেন তাদের কাছে বকেয়া থাকা পত্রিকা ও অন্য সব গণমাধ্যমের বিল পরিশোধ করে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল গাফ্ফার খান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গণমাধ্যমের বিজ্ঞাপন বিল পরিশোধে সকল মন্ত্রণালয় ও বিভাগকে একটি নির্দেশনা আমাদের এখান (মন্ত্রিপরিষদ বিভাগ) থেকে পাঠানো হয়েছে।’
