গাজীপুরে মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দিলেন মেয়র

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০০:৪৩

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশের সব মসজিদে এক সঙ্গে পাঁচ জনের বেশি মুসল্লি,  জুমায় ১০ জনের বেশি ও তারাবির নামাজে ১২ জনের বেশি অংশ নিতে পারবেন না বলে সরকারি নির্দেশনা রয়েছে। এরই মধ্যে গাজীপুর মহানগরীতে মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গতকাল মঙ্গলবার গাজীপুর সিটির বোর্ড বাজার আঞ্চলিক অফিস থেকে এক ভিডিও বার্তায় এ কথা জানান মেয়র। তবে এ ব্যাপারে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, ‘মসজিদ খুলে দেওয়ার ব্যাপারে সরকারিভাবে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। তবে নগর পিতা হিসেবে মেয়র তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন।’

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘নগরীতে মাত্র কয়েকটি এলাকায় করোনা শনাক্ত হয়েছে। যেহেতু গাজীপুরের পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে, তাই রমজানে এখন মসজিদ অল্পসংখ্যক মুসল্লির জন্য সীমাবদ্ধ রাখার কোনো প্রয়োজন নেই। শুক্রবারের জুমা ও তারাবির নামাজে মুসল্লিরা অংশ নিতে পারবেন। এতে সিটি করপোরেশনের কোনো বাধা থাকবে না। আল্লাহ এবং রাসুলকে পাওয়ার জন্য যারা অসুস্থ নন এবং যে সব ওয়ার্ডে করোনা ভাইরাসের কোনো পজিটিভ পাওয়া যায়নি তারা মসজিদমুখী হতে পারবেন। তবে বাইরে থেকে কোনো লোক করোনার উপসর্গ নিয়ে যেন এসব এলাকায় আসতে না পারেন সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমাদের নগরে আমরা সবাই নিরাপদে থাকব। আমাদের পরিবার ও সন্তানদের নিরাপদে রাখব। তিনি বলেন, ‘গাজীপুরের গার্মেন্টস ও ব্যবসাপ্রতিষ্ঠান যেহেতু খোলা হয়েছে সেহেতু এ এলাকার মানুষকে আর বন্দি রাখা ঠিক হবে না। ওয়ার্ডভিত্তিক ধানকাটাসহ অন্য কৃষিকাজও কৃষক করতে পারেন।’