বঙ্গবন্ধুর মতো নেতা খুব কম দেখা যায়

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০০:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষণজন্মা নেতা হিসেবে উল্লেখ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চিঠিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী প্রসঙ্গ টেনে এনে বলেছেন, তার মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়। গতকাল মঙ্গলবার রাতে ইত্তেফাককে পররাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার গত সোমবার তার সঙ্গে দেখা করে এ চিঠি হস্তান্তর করেন। ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি প্রধানমন্ত্রীর দফতরে প্রেরণ করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো অপর একটি চিঠিতে এ কথা উল্লেখ করেছেন। ঐ চিঠিতে বাংলাদেশ কোভিড-১৯-এর সংক্রমণ যেভাবে মোকাবিলা করছে তার প্রশংসা করে মাইক পম্পেও বলেছেন, বাংলাদেশ যেভাবে কোভিড-১৯ মোকাবিলা করছে তা উদাহরণযোগ্য এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। এ চিঠিতে রোহিঙ্গা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ৬৮ কোটি ডলার দিয়েছেন এবং আরো দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন।

এদিকে, এ চিঠি হস্তান্তরের সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে তৈরি পোশাক শিল্পসহ বাংলাদেশের অন্যান্য খাতে কোভিড-১৯-এর কারণে কী কী প্রভাব পড়েছে সেই সম্পর্কে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন ড. মোমেন। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সম্প্রসারণে সহায়তা চান তিনি।