নিয়ম ভেঙে জরিমানা গুনলেন মালয়েশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রী

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৯:২২

মহামারি করোনা ভাইরাসের দুর্যোগের মধ্যে সামাজিক দূরত্বের নিয়ম ভেঙে জরিমানা গুনলেন মালয়েশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রী ডা. নূর আজমি গাজালি।

তিনি একটি মাদ্রাসায় একসঙ্গে ১৪ জনের সঙ্গে খাবার খান। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল দেশটির এক ম্যাজিস্ট্রেট আদালত তাকে এই জরিমানার আদেশ দেন। তার সঙ্গে খাবার খাওয়া বাকি ১৪ জনকেও জরিমানা করা হয়। সিঙ্গাপুর ভিত্তিক পত্রিকা স্ট্রেইট টাইমস এই তথ্য জানিয়েছে।

রায়ের পর নূর আজমি সাংবাদিকদের বলেন, যা ঘটেছে সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে আমি আইন মেনে চলব এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিতে আরো ভালোভাবে কাজ করবো।

নূর আজমি গাজালি গত ১৮ এপ্রিল হুলু পেরাক জেলার এক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পর নামাজ পড়তে স্থানীয় এক মাদ্রাসায় যান। পরে ঐ মাদ্রাসায় একসঙ্গে খেতে বসেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েন। পরে ছবিটি সরিয়েও ফেলেন। তবে মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালতে তিনি দোষ স্বীকার করে নেন।

ইত্তেফাক/এমআর