জীবননগরে প্রথম করোনা রোগী শনাক্ত 

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৯:০৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) এক নারীর (৫৫) শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। তাকে যশোর সদর হাসপাতালে আইসোলেসনে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন বাড়িটি লকডাউন ঘোষণা করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দেশে গণপরিবহন বন্ধের পূর্বে ওই নারী ঢাকায় তার মেয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে অবস্থানকালে গত সপ্তাহে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়। লকডাউনের মধ্যেই ঐ নারী গত শুক্রবার রাতে জীবননগরের বাড়িতে ফেরেন। বাড়ি ফিরে তিনি আরো অসুস্থ হয়ে পড়লে শনিবার ভোরে তাকে যশোর সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় জ্বর ও কাশি দেখা দিলে হাসপাতালের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে আজ বুধবার নমুনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠায়। সেখানে পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। 

আক্রান্ত ওই নারীর স্বামী সাবেক সেনা সদস্য। তিনি জীবননগর শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। ধারণা করা হচ্ছে ঢাকার হাসপাতালে চিকিৎসাকালীন করোনা ভাইরাসে সংক্রমিত হন। 

আরো পড়ুন: পথে পথে অসহায়দের ইফতার পৌঁছে দিচ্ছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর বাড়ি লকডাউন করা হয়েছে। 

জীবননগর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, লকডাউন বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। 

ইত্তেফাক/এএএম