তেলের খনি

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২০:১৩

এই সময়ের ছড়া

সৈয়দ আল ফারুক

 

দুঃসময়ে হঠাত্ একটা ভালো খবর পেলাম।

এফবি তোমায় থ্যাংক্যু জানাই, সেলাম তোমায় সেলাম।

একটা দারুণ খবর পেয়ে লাগছে ভীষণ ভালো

হতাশার এই অন্ধকারে কে জ্বালাল আলো!

বাংলাদেশে পাওয়া গেছে বিশাল তেলের খনি

তার মানে তো আসছে সুদিন আমরা সবাই ধনী...!

 

এই বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে দেখি

মূল ঘটনা মোটেই তা নয়, অন্যরকম, সে কী!

ঢাকা থেকে তিন শত নয় কিলোমিটার দূরে

মহানগর পার্বতীপুর এলাকা রংপুরে

লাল মিয়া আর হানিফ মিয়া বাড়ির শোবার ঘরে

খাটের নিচে ভোজ্যতেলের বোতল মজুত করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে যেই বিছানা সরায়

দেখে হাজার তেলের বোতল ঘরের মেঝেয় গড়ায়।

হানিফ ও লাল, মজুতদারের বুদ্ধি আছে বটে

তেলের খনি আবিষ্কারের দারুণ খবর রটে :

বাংলাদেশে পাওয়া গেছে বিশাল তেলের খনি

তার মানে তো আসছে সুদিন আমরা সবাই ধনী...!

 

আঙুল ফুলে যার কলাগাছ, সে তো তাতেই খুশি

পাই না কলা, আমজনতা আমরা আঙুল চুষি!