বিদায় ইরফান খান

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২০:১৮

জন্ম:৭ জানুয়ারি, ১৯৬৭  মৃত্যু: ২৯ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক

 

বলিউডে হঠাত্ শোকের ছায়া। চলে গেলেন বলিউডের অভিনেতা ইরফান খান। তবে সেটি বলিউডেই শুধু নয়, পুরোবিশ্বে তার ছড়িয়ে থাকা সকল ভক্তদের জন্যেও মন খারাপের খবর এটি। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন ইরফান খান। হঠাত্ করে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল সকালে তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। ২০১৮ সালে নিউরো অ্যান্ডোক্রাইন টিউমার ধরা পরে ৫৪ বছর বয়সী এ অভিনেতার। এরপর ১ বছর বিদেশে থেকে চিকিত্সা করেছিলেন। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের আংরেজি মিডিয়াম। তখনও শরীর অসুস্থ ছিল বলে তাকে প্রচারে দেখা যায়নি। যদিও করোনার কবলে কয়েকদিন পরই বন্ধ হয়ে যায় এই ছবির প্রদর্শন। মঙ্গলবার মুম্বাইয়ের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই নানা জল্পনা শুরু হয়েছিল বলি ইন্ডাস্ট্রিতে। আর সেই জল্পনাই বুধবার সকালে সত্যি হয়ে গেল। জানা গিয়েছিল, মুম্বাইয়ের হাসপাতালে রয়েছেন স্ত্রী সুতপা শিকদার ও তার দুই ছেলে। এদিকে গত শনিবার মারা গিয়েছেন ইরফান খানের মা। ভিডিও কলের মাধ্যমে মায়ের শেষ দর্শন সেরেছিলেন বলিউডের বিশিষ্ট এই অভিনেতা। ক্যান্সার জয় করার পরও তিনি সিনেমার পর্দায় কামব্যাক করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি রূপালি পর্দা থেকে দূরেই ছিলেন।

লেটেস্ট কমেন্ট

বলিউডের বিশিষ্ট অভিনেতা ইরফান খান। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলি ইন্ডাস্ট্রি। এদিন প্রিয়বন্ধু ও পরিচালক সুজিত সরকার টুইটে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আমার খুব কাছের বন্ধু, ইরফান। তুমি লড়ে গিয়েছো, লড়েই গিয়েছো। তোমাকে নিয়ে আমি সবসময় গর্ববোধ করি। আমাদের আবার দেখা হবে। সুতপা ও ছেলেদের জানাই সমবেদনা। সুতপা তুমিও লড়াইটা চালিয়ে গিয়েছো। এখনও যাচ্ছো। তোমাকে সেলাম, ইরফান।’

উল্লেখ্য, ২০০১ সালে ব্রিটিশ ছবি ‘দ্য ওয়ারিয়র’-এ মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পান ইরফান। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ‘মকবুল’, ‘লাইফ ইন অ্যা মেট্রো’, ‘নেমসেক’, ‘পান সিং তোমার’-এ অভিনয় করে ইরফান বুঝিয়ে দেন তার দক্ষতা। অভিনয় করেন বিদেশি ছবি ‘লাইফ অফ পাই’ এবং ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এ।  একের পর এক পুরস্কারও মিলতে শুরু করে। জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার তার ঝুলিতে তো আছেই, একইসঙ্গে ভারতের সর্বোচ্চ পুরস্কার পদ্মসম্মানও প্রদান করা হয় তাকে।