স্পোর্টস রিপোর্টার
ক্রিকেট বলে থুথু বা লালা ব্যবহার পুরোপুরি বন্ধ করার চিন্তা করছে আইসিসি। লালা ব্যবহারের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর সুযোগ রয়েছে। তাই লালা ব্যবহার নিষিদ্ধ করে নতুন পদ্ধতি প্রণয়নের চেষ্টা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে বলের চাকচিক্য তথা শাইন ধরে রাখতে লেদার ময়েশ্চারাইজার, শু-পলিশ কিংবা ভ্যাসলিন ব্যবহারের নিয়ম চালু করতে পারে আইসিসি।
শাইনিং ধরে রাখতে নতুন পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের টেস্ট দলের দুই পেসার আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন। বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলছেন, নতুন যে পদ্ধতিই আসুক তাতে যেন ভারসাম্য থাকে। ব্যাটসম্যান, বোলারের জন্য সমান সুবিধা থাকে। কোনো পক্ষকে বেশি সুবিধা দিলেই অপর পক্ষের জন্য খেলা কঠিন হয়ে যাবে। তার আশা, আইসিসি সবকিছু বিবেচনা করে সঠিক সিদ্ধান্তই নেবে।
বলের শাইনিং ধরে রাখতে নতুন পদ্ধতিতে ব্যাটসম্যান-বোলারদের স্বার্থরক্ষার ক্ষেত্রে ভারসাম্য দেখতে চান মিঠুন। গতকাল তিনি বলেছেন, ‘ব্যাটসম্যানদের দিক থেকে চিন্তা করবে, আবার বোলারের ক্ষেত্রেও চিন্তা করবে। যদি ভারসাম্যপূর্ণ অবস্থা হয় তাহলে কোনো সমস্যা নেই। আর কোনো এক পক্ষ যদি বেশি সুবিধা পায় তাহলে যারা কম পাচ্ছে তাদের জন্য একটু কঠিন হবেই। এটা খুবই স্বাভাবিক।’
লালার পরিবর্তে নতুন কিছু ব্যবহারের মাত্রার ওপর অনেক কিছু নির্ভর করবে বলে মনে করেন মিঠুন। ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘এটা নির্ভর করে কতটুকু সাহায্য নিতে দেবে। লালা ব্যবহার তুলে দেয়ার মূল কারণ হচ্ছে স্বাস্থ্যগত বিষয়। এজন্য লালা ব্যবহার করতে নিষেধ করেছে। লালা ব্যবহার করলে বল যতটুকু কাজ করে, যদি ততটুকুই বোলারকে ব্যবহারের (বল শাইনিংয়ের জন্য ভ্যাসলিন বা অন্য উপাদান ব্যবহার) অনুমতি দেয়, বৈজ্ঞানিকভাবে হিসেব-নিকেশ করেই তো এটা করবে। ততটুকু সুযোগ দিয়ে যদি করে তাহলে ঠিক আছে।’
আগে প্রতি বলের পরই ফিল্ডার, বোলারদের লালা ব্যবহার করতে দেখা যেত। নতুন পদ্ধতিতে নির্দিষ্ট সময় পরপর বল শাইনিংয়ের সুযোগও রাখা হতে পারে। যেমনটা প্রতি ৫ ওভার পরপর হয়তো ফিল্ডিং দল বলের উজ্জ্বলতা ধরে রাখার কাজ করল অনফিল্ড আম্পায়ারদের তত্ত্বাবধানে।
মিঠুন বলেন, ‘এটা নির্ভর করে কী ব্যবহার করতে দিচ্ছে। ধরেন এমন কিছু যদি ব্যবহার করতে দেয়, ৫ ওভার পর ব্যবহার করার এমন হবে যে, যেটা আগে ২-১ বল পরপরই লালা ব্যবহার করে পাওয়া যেত, তাহলে ঠিক আছে। সবকিছু বিবেচনা করেই আশা করি সিদ্ধান্ত হবে।’
করোনা পরবর্তী সময়ে ক্রিকেট মাঠে গড়ালেই হয়তো নতুন নিয়ম দেখা যাবে। মুখের লালা ব্যবহার থাকছে না স্বাস্থ্যঝুঁকির কারণে।
