প্রশিক্ষণের জন্য অর্থ দেবে আইওসি

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২০:৪৫

বিওএ এখনো জানে না

 স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের কারণে টোকিও অলিম্পিক আগামী বছরের জুলাই পর্যন্ত স্থগিত হয়ে গেলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) দুর্ভাবনায় রয়েছে ক্রীড়াবিদদের নিয়ে। আইওসি তাই ১৮৫ সদস্য দেশের ১৬০০ ক্রীড়াবিদের জন্য ১৫ মিলিয়ন ডলার দিচ্ছে প্রশিক্ষণের জন্য।

জাপানের টোকিওতে ২৪ জুলাই গেমসটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রশিক্ষণের শেষ প্রান্তে এসে প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসের কারণে থমকে গিয়েছে প্রশিক্ষণ। ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রীড়াবিদদের পাশাপাশি আইওসির সদস্য দেশগুলো। এখন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও (বিওএ) এই অনুদান পাবে। তবে এ অনুদান কবে আসবে সেটি নিশ্চিত নয়। বিওএর কোষাধ্যক্ষ ও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানিয়েছেন, আইওসির অনুদানের বিষয়টি এখনো তারা জানতে পারেননি। তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আইওসি কিছুই জানায়নি। তারা যদি অনুদান দেওয়ার কথা জানায় আমরা জানব।’

এদিকে অলিম্পিক গেমস যখনই হোক আর্চারি প্রশিক্ষণ নিয়মিত চলবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। অনলাইনে রোমান সানাদের প্রশিক্ষণ চলছে। ঢাকায় অবস্থান করছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। তিনি ২৫ জন আর্চারকে প্রশিক্ষণ দিচ্ছেন।

এ ব্যাপারে কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘আমরাই প্রথম ক্রীড়াবিদদের জন্য অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছি।’ তিনি এও জানান যে, বর্তমানে ৪ হাজার টাকা করে প্রশিক্ষণার্থীদের দেওয়া হচ্ছে। এই অর্থ ঈদ পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও আর্চারদের জন্য বেতন আছে। আর পারফরম্যান্সের ভিত্তিতে ক্রীড়াবিদদের সম্মানী দেওয়া হয় ফেডারেশন হতে।

সম্মানী দিচ্ছে ফেডারেশনের স্পন্সর প্রতিষ্ঠান। চপল জানিয়েছেন ৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত উঠানামা করে সম্মানী। পারফরম্যান্স খারাপ হলে স্পন্সর প্রতিষ্ঠানও টাকা দেবে না বলে জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক চপল।