ইত্তেফাক রিপোর্ট
বর্তমান পরিস্থিতিতে কৃষকদের সুদমুক্ত ঋণ দেওয়ার সুপারিশ করেছে গবেষণা সংস্থা সানেম। করোনা ভাইরাসের প্রভাবে অর্থনীতির ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে নানা প্রণোদনা দেওয়া হচ্ছে। তার মধ্যে ৪ শতাংশ সুদে কৃষকদের ঋণ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কৃষি খাতে চারটি পরামর্শ দিয়ে সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান উল্লেখ করেন, এখন খাদ্যনিরাপত্তার বিষয়টি খুবই জরুরি। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কৃষকরা যাতে সুদমুক্ত ঋণ পায় এবং প্রকৃত কৃষকরা যেন ঋণ পায় সে ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, লকডাউনের কারণে কৃষি উপকরণের সাপ্লাই ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। তাই কৃষকরা যাতে কৃষি উপকরণ ঠিকমতো পায় সেটি নিশ্চিত করতে হবে। তৃতীয় বিষয়টি হচ্ছে—লকডাউনের কারণে কৃষি শ্রমিকদের চলাচল স্থবির হয়ে গেছে। এই সমস্যা সমাধান করার জন্য কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করতে হবে। কৃষকদের স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য হেলথ প্রটোকল তৈরি করে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে।
চতুর্থ বিষয়টি হচ্ছে—শস্য তোলার পরে কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায়, সেটি নিশ্চিত করতে হবে। অতীতে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে, ফসলের আবাদ হওয়ার পরে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না। মাঝখানে থাকে মধ্যস্বত্বভোগীরা। যেহেতু করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে এখন স্থানীয় পর্যায়ে প্রশাসন খুবই সক্রিয়, এ জন্য এবার স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সরাসরি কৃষকদের থেকে ন্যায্যমূল্যে ধান কেনার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি এ বছর কৃষকদের কাছ থেকে সরকারিভাবে শস্য ক্রয়ের পরিমাণ অনেক বাড়াতে হবে। সেক্ষেত্রে মূল্য এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে কৃষকরা উপকৃত হয়।
