বিবিসি
মাস্ক পরার বাধ্যবাধকতা থাকলেও তা অমান্য করে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল পরিদর্শন করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও পেন্সের দাবি, তিনি কোনো ভুল করেননি।
গত মঙ্গলবার মিনেসোটার মায়ো ক্লিনিক পরিদর্শনে যান পেন্স। ঐ হাসপাতালের বিধি অনুযায়ী দর্শনার্থীর মাস্ক পরার বাধ্যবাধকতা আছে। তবে পেন্স তা মানেননি। পরিদর্শনের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার স্টিফেন হ্যান। তবে তিনি মাস্ক পরিহিত ছিলেন। যুক্তরাষ্ট্র সরকারের করোনা মোকাবিলা কৌশল অনুযায়ী, যেখানে শারীরিক দূরত্ব রক্ষা করা কঠিন, সেই সব স্থানে মাস্ক পরতে হবে। পেন্স হোয়াইট হাউজের করোনা ভাইরাস টাস্কফোর্সের প্রধান হয়েও নিজেই সেই নির্দেশনা ভঙ্গ করলেন।
ডিলিট করা এক টুইটে হাসপাতাল থেকে জানানো হয়েছে, সবার জন্য মাস্কের দরকার কি না, এই পলিসি পরখ করতেই এসেছিলেন পেন্স। নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করলেও এখন পর্যন্ত একবারও মাস্ক পরতে দেখা যায়নি ভাইস প্রেসিডেন্ট পেন্সকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বলতে দেখা গেছে, মাস্ক পরার পরিকল্পনা নেই তার। শুরুতে তারা দুই জনই মার্কিন নাগরিকদের মাস্ক পরার নীতির বিরোধী ছিলেন।
