করোনার কারণে যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধজাহাজ বন্দরে ফিরিয়ে আনা হলো

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২১:২৯

এএফপি

যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজের পর আরেকটি ডেস্ট্রয়ারের নৌসেনাদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেটি সান দিয়াগো বন্দরে ফিরিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্র নেভি জানায়, মঙ্গলবার ডেস্ট্রয়ারের ৩০০ নৌসেনার ৬৩ শতাংশের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ইউএসএস কিডের ৬৪ জন নাবিকের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। গত সপ্তাহে জাহাজটি থেকে দুই নাবিককে চিকিত্সার জন্য মূল ভূখণ্ডে সরিয়ে আনা হয় এবং অপর ১৫ জনকে উন্নত চিকিত্সা দিতে অন্য জাহাজে সরিয়ে নেওয়া হয়।

কেরিবিয়ান সাগরে মাদক পাচারকারীদের বিরুদ্ধে টহলরত অবস্থায় প্রথম নৌসেনাদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরে মেডিক্যাল সদস্যরা জাহাজটিতে পৌঁছে করোনা টেস্ট করে এবং জাহাজটি ক্যালিফোর্নিয়া সিটির দক্ষিণের বন্দরে ফেরার নির্দেশ দেওয়া হয়। এখানে ক্রুদের জাহাজ থেকে নামানো হবে এবং তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে। পরে জাহাজটি পরিষ্কার করা হবে। এর আগে যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তি চালিত বিমানবাহী যুদ্ধজাহাজ থিউডোর রুজভেল্টে করোনা ছড়িয়ে পড়ে।