করোনাকে হারিয়ে দিলেন ৮০ বছরের বৃদ্ধ

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২১:৫৮

রংপুরের মোসলেম উদ্দিন (৮০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টানা ৯ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। বুধবার ( ২৯ এপ্রিল) দুপুরে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে তাকে ছাড় পত্র দেয়া হয়।

গত ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোসলেম উদ্দিন। রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের আউলিয়াগঞ্জে তার বাড়ি। মোসলেম উদ্দিনের ছাড়পত্র দেয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালের তত্বাবধায়ক ডা. এসএম নূরুন্নবী লাইজু। করোনা আক্রান্ত রোগী ভর্তির সময় যেভাবে ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সে একই ভাবে ছাড় পত্র দেয়ার সময়ও ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন্নবীসহ কর্মরত চিকিৎসকবৃন্দ। 

৯ দিন চিকিৎসাধীন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি এবং পরপর দুইবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল হতে ছাড় পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালের প্রথম রোগী হিসেবে ভর্তি এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় মোসলেম উদ্দিনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি চিকিৎসকদের সাহস, আশার সঞ্চার ও অভিজ্ঞতা কয়েকগুণ বৃদ্ধির কথাও উল্লেখ করা হয় ওই চিঠিতে।

ইত্তেফাক/এসআই