ভিয়েতনাম যুদ্ধে নিহতের সংখ্যাকে ছাড়াল যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০০:৪৮

যুক্তরাষ্ট্রে মহামারি করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ভিয়েতনাম যুদ্ধের নিহতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। কিন্তু তার পরও দেশটিতে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি মাংস প্রক্রিয়াজাত করার কারখানা চালু রাখার নির্দেশ দিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, এটা বড়ো হটস্পট, যা থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভারত, পাকিস্তান ও ব্রাজিলে হঠাত্ করে এক দিনের মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে।

ভয়াবহ পরিস্থিতি যুক্তরাষ্ট্রে

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত সাড়ে ৩১ লাখের বেশি এবং প্রাণ গেছে দুই লাখ ২৫ হাজারের বেশি মানুষের। আক্রান্তের এক তৃতীয়াশংই যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১০ লাখ ৪৮ হাজারের বেশি আক্রান্ত। আর মৃত্যু ভিয়েতনাম যুদ্ধে নিহতের সংখ্যাকে অতিক্রম করেছে। ভিয়েতনামে প্রায় ২০ বছর যুদ্ধ চালায় যুক্তরাষ্ট্র। এতে ৫৮ হাজার ২২০ জন মার্কিন সৈন্য ও নাগরিক নিহত হয়। ১৯৫৫ সালের পহেলা নভেম্বর থেকে ১৯৭৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত যুদ্ধ চলে। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫৯ হাজার ৩৯২ জনের মৃত্যু। আর ওয়ার্ল্ডোমিটার জানায়, দেশটিতে ৬০ হাজার ৪৯৫ জন নিহত হয়। এর মধ্যে নিউ ইয়র্কেই মারা গেছে ৩০ শতাংশ মানুষ।

ব্রিটেনে মৃত্যু বেড়ে ২৬ হাজার অতিক্রম

ব্রিটেনে গতকাল করোনায় মৃত্যু বেড়ে ২৬ হাজার ছাড়িয়েছে। দেশটি মারা গেছে ২৬ হাজার ৯৭ জন। সরকার জানিয়েছে, এর আগে মৃতের সংখ্যায় কেবল হাসপাতালের সংখ্যাই তালিকায় যুক্ত করা হতো। এবার অন্যান্য স্থানেও মৃত্যুগুলো হিসাব করা হয়েছে। এতে মৃতের সংখ্যা ৩ হাজার ৮১১ জন সংযুক্ত হয়েছে। বিবিসির স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা জেমস গ্যালাহার বলেছেন, ব্রিটেনে কোভিড-১৯ রোগীদের ওপর চালানো সবচেয়ে বড়ো জরিপে দেখা গেছে, আক্রান্ত যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের এক তৃতীয়াংশ মারা গেছে। অর্ধেকের কম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। বাকিরা এখনো চিকিত্সাধীন।

তিন দেশে হঠাত্ মৃত্যু বেড়েছে

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৭১ জনের মৃত্যু হয়েছে। এক দিনে এটাই সবচেয়ে বেশি মৃত্যু সেখানে। এতে দেশটিতে মোট মারা গেছে ৫ হাজার ১৭ জন। ভারতে দ্বিতীয় দফার লডকাউনের মেয়াদ শেষ হচ্ছে ৩ মে। এর মাঝেই দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৩২ হাজার ছুঁইছুঁই। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ হয়েছে ১ হাজার ৮১৩ জনের। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৭৮৭। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭১ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৮। এক মাসেরও বেশি সময় ধরে অন্য রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, ছাত্র-ছাত্রী ও তীর্থযাত্রীদের নিজের রাজ্যে ফেরার অনুমতি দিয়েছে ভারত সরকার। পাকিস্তানে মৃতের সংখ্যা এক দিনে ২৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মারা গেছে ৩৪৩ জন এবং আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৫০১ জন।

আক্রান্ত মরক্কোর কয়েকশ জেলবন্দি

মরক্বোর জেলে গণহারে কোভিড-১৯ পরীক্ষা চালানোর পর ৩০০ জনের বেশি বন্দির ভাইরাস শনাক্ত হয়েছে। কর্তৃপক্ষ বলছে মরক্বোর একটি কারাগারে ৩০৩ জন এবং মারাকেশের এক জেলে আরো ১০ জনের ভাইরাস শনাক্ত হয়েছে। গত সপ্তাহে মরক্কোর কোয়ারজাজাতে জেলখানায় এক জন রোগীর সংক্রমণ শনাক্ত হবার পর কয়েদিদের গণহারে পরীক্ষার ব্যবস্থা করা হয়।

অন্যান্য দেশে কী হচ্ছে

চীনে নতুন ২২ জনের মধ্যে ভাইরাস সংক্রমণ হয়েছে, যাদের ২১ জনের মধ্যেই ভাইরাস ছড়িয়েছে বিদেশ থেকে। ভিয়েতনামে টানা ১৩তম দিনের মতো নতুন সংক্রমণের ঘটনা ঘটেনি। গত প্রায় এক সপ্তাহ যাবত্ ভিয়েতনামে দেশব্যাপী লকডাউনের কড়াকড়ি কমিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ ধারাবাহিকভাবে কমা অব্যাহত আছে। ফেব্রুয়ারির পর থেকে দক্ষিণ কোরিয়ায় দৈনিক সংক্রমণের হান কমছে। গতকাল সেখানে মাত্র ৯ জনের মধ্যে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে।