আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা
আদিতমারীতে জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল জলিল গত বছর তালুক হরিদাস গ্রামে ২৬ শতাংশ জমি কেনেন। সেই জমি পাশের টিপের বাজার এলাকার আব্দুল খালেক মুন্সির অবৈধ দখলে ছিল। বিষয়টি নিয়ে সালিশ হলে চলতি আমন মৌসুমে আমন ধান কাটার পর আব্দুল জলিলের দখলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সোমবার ধান কেটে নিয়ে যান আব্দুল খালেক। এরপর রাতেই ওই জমিতে ঘর উঠান আব্দুল জলিল।
গতকাল মঙ্গলবার সকালে তিনি স্বজনদের নিয়ে ওই বাড়ি দেখতে গেলে আব্দুল খালেকের লোকজন দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল জলিলের (২০)। এতে আহত হন জাহেদুল, গোলাম রব্বানি ও সহিদার রহমান। লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে এদের মধ্যে গোলাম রব্বানির মৃত্যু হয়। আহত অপর দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সহিদার রহমানের। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
