ওষুধের দোকানের সামনেই ছটফট করে মারা গেলেন সিকিউরিটি গার্ড

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২৩:১৮

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর ভাটারা থানা নতুন বাজার এলাকায় ওষুধ কিনতে এসে দোকানের সামনে ছটফট করতে করতে মারা গেলেন এক ব্যক্তি। তার নাম আব্দুর রশীদ (৪৫)। তিনি ইউনাইটেড গ্রুপে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজুল হক ইত্তেফাককে বলেন, গতকাল বুধবার দুপুরে হঠাত্ আচমকা এই মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যালে পাঠিয়েছি। মৃত রশীদ ভাটারার নতুন বাজারে ১৬০ ফিট রাস্তায় বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে ওষুধ কিনতে যান। তার কাছে হার্টের অসুখের ব্যবস্থাপত্র পাওয়া গেছে। ওষুধ নেওয়ার জন্য দোকানের কাউন্টারের সামনে দাঁড়ান। তবে ওষুধ কেনার আগেই দোকানের সামনে লোকটি ছটফট করতে থাকেন। আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানেই প্রাণ হারান তিনি।

এজাজুল হক বলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনামাসনা গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে আব্দুর রশীদ। ভাটারা ১০০ ফিটে ইউনাইটেড গ্রুপের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন তিনি। থাকতেন কোম্পানির ব্যারাকে। তার হার্টের অসুখ ছিল বলে জানিয়েছেন কোম্পানির লোকজন। তার কাছে ব্যবস্থাপত্রও পাওয়া গেছে। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না সেটা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।