রূপগঞ্জে বেসরকারি পিসিআর ল্যাব উদ্বোধন

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২৩:১৮

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

করোনা ভাইরাস মোকাবিলায় বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ল্যাব উদ্বোধন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার ব্যক্তিগত অর্থায়নে করোনা ভাইরাস পরীক্ষার জন্য গাজী কোভিড-১৯ রিয়েল টাইম পিসিআর টেস্ট ল্যাব স্থাপন করা হয়।

গাজী গোলাম মর্তুজা পাপ্পার সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে যুক্ত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও গবেষণা পরিচালক ইকবাল করিম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো বেসরকারিভাবে রূপগঞ্জে পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। এখানে নারায়ণগঞ্জ,গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জসহ আশপাশের এলাকার মানুষ চিকিত্সা সেবা পাবেন।