এবার সীমিত মুসল্লি নিয়ে মসজিদে নামাজ আদায়ের আহ্বান মেয়র জাহাঙ্গীরের

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০০:২৪

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম নগরবাসীকে সরকারি ও ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে সীমিত পরিসরে মসজিদে নামাজ আদয়ের জন্য নগরীর মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার বিকালে তিনি নগরীর বোর্ড বাজারে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান। এর আগে মঙ্গলবার তিনি নগরীর মসজিদগুলো সব মুসল্লির জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গতকাল ভিডিও বার্তায় মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি মেনে যে লকডাউন দেওয়া হয়েছে তা শতভাগ মেনে চলছি। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মসজিদে সীমিত আকারে লোক নিয়ে নামাজ আদায় করার জন্য। আমরা যেন তা শতভাগ মেনে চলি। গাজীপুরে কোন জায়গায় কী অবস্থায় করোনা ভাইরাসের পজিটিভ আছে এখনো নিশ্চিত নই। আমরা সুনিশ্চিত হতে পারছি না আমাদের মহল্লা ভিত্তিক, ওয়ার্ড ও থানা ভিত্তিক কোথায় এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা কত।’ তিনি বলেন, ‘প্রয়োজনে আপাতত আমরা ঘরেই নামাজ আদায় করি। ভাইরাস নিয়ে আমরা আতঙ্কিত। আমাদের সন্তানরা, আমাদের পরিবার, আত্মীয়-স্বজন আমাদের নগরের প্রত্যেক নাগরিকের জীবনের কথা চিন্তা করে আমি সবাইকে অনুরোধ করব ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা যেন আমরা শতভাগ মেনে চলি।’