ফেরিতে ঢাকামুখী পোশাক শ্রমিকদের উপচে পড়া ভিড়

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০০:২৪

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরিতে ঢাকামুখী পোশাক শ্রমিকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। গতকাল বুধবার সকাল থেকে এসব শ্রমিককে কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরিতে করে শিমুলিয়া ঘাটে এসে ঢাকার উদ্দেশে বিকল্প যানবাহনে যেতে দেখা যায়।

গতকাল সরেজমিনে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, করোনা সংক্রমণের ভয় উপেক্ষা করে শত শত যাত্রী দক্ষিণ বঙ্গ থেকে ঢাকায় আসছেন। এসব যাত্রীর অধিকাংশই গার্মেন্টস কর্মী। তারা দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকা থেকে বিকল্প যানবাহনে করে কাঁঠালবাড়ি ঘাটে আসছেন। সেখান থেকে ফেরিতে করে পদ্মা পারি দিয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আসছেন। করোনার কারণে যাত্রীবাহী পরিবহন বা বাস বন্ধ থাকায় তারা বিকল্প যানবাহনে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গন্তবে ছুটছেন। এসব যানবাহনের মধ্যে রয়েছে আটোরিকশা, মাইক্রোবাস ও পিকআপসহ নানা ধরনের যানবাহন। মাওয়া নৌ পুলিশফাঁড়ি ইনচার্জ সিরাজুল কবির জানান, সকাল থেকেই ফেরিতে করে শত শত লোক আসছে শিমুলিয়া ঘাটে। তাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই হিলাল উদ্দিন জানান, বুধবার সকাল থেকেই শত শত গার্মেন্টস কর্মী দক্ষিণ বঙ্গ থেকে ঢাকার উদ্দেশে ফেরিতে পদ্মা পার হয়ে শিমুলিয়া ঘাটে আসছেন। এখান থেকে বিকল্প যানবাহনে তারা গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। বর্তমানে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দিনে ছয়টি ফেরি চলাচল করেছে।