সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০০:২৪

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। গতকাল বুধবার ডিইপিজেডের এ-ওয়ান বিডি লিমিটেড এবং জামগড়া এলাকার ওয়ার্ল্ড ওয়ান ডেনিম লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা এ কর্মসূচি পালন করে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরাতন জোনের এ ওয়ান বিডি লিমিটেড পোশাক কারখানার ১ হাজার ১০০ শ্রমিকের চলতি মাসসহ চার মাসের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলেও তা করেনি। ফলে বেশ কিছুদিন ধরেই কারখানাটির শ্রমিকেরা বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছেন। গতকাল সকাল থেকে ডিইপিজেডের প্রধান ফটকে অবস্থান নিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ মিছিল করতে থাকেন তারা। একপর্যায়ে তারা ডিইপিজেডের মহাব্যবস্থাপকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে চলতি মাসসহ তাদের চার মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবি জানান। পরে পুলিশ এসে শ্রমিকদের বেতন প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দিলে শ্রমিকরা ঘরে ফিরে যান।                 

অপরদিকে একই দিনে জামগড়া এলাকার ওয়ার্ল্ড ওয়ান ডেনিম লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকালে কারখানার সামনে অবস্থান নিয়ে তারা কর্মসূচি শুরু করেন। একপর্যায়ে তারা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন। এ সময় ঐ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আব্দুস সোবাহান সাংবাদিকদের জানান, এ ওয়ান কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা শিগগিরই পরিশোধ করা হবে।

গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখতার বলেন, করোনা সংক্রমণের এ সঙ্কটময় মুহূর্তে শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে তাদের আরো বিপদের মধ্যে ফেলে দেয়া হয়েছে। তিনি দ্রুত শ্রমিকদের বেতন পরিশোধের দাবি জানান।