সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার 

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৬:১৮

করোনা দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারাদেশে সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার । 

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী (২৯ এপ্রিল পর্যন্ত) চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৬৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে ৮৮ হাজার ৫৮৩ মেট্রিক টন। বিতরণকৃত চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৭৮ লাখ ৩৭ হাজার ৭৩৫ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ৩ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৭২ জন। 

আরো পড়ুন : গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করা হবে: ওবায়দুল কাদের

সারাদেশের ৬৪ জেলায় এ পর্যন্ত নগদ টাকা ৫৯ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে নগদ সাহায্য হিসেবে বরাদ্দ করা হয়েছে ৪৮ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৪৪ লাখ ৭৮ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা দুই কোটি ২৮ লাখ ৮০ হাজার জন। 

এ ছাড়াও শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১০ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৭ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা দুই লাখ ৫০ হাজার এবং লোক সংখ্যা পাঁচ লাখ পাঁচ হাজার ২২৮ জন। বাসস

ইত্তেফাক/ইউবি