সুপ্রিম কোর্টে ৩ হাজার আইনজীবীর ঋণের আবেদন

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৯:২৮

আদালত বন্ধ। বন্ধ রয়েছে বিচারকাজ। ফলে মক্কেল থাকলেও মামলা পরিচালনার সুযোগ পাচ্ছেন না আইনজীবীরা। করোনা ভাইরাসজনিত উদ্ভূত এমন পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়েছেন অনেক আইনজীবী। সেজন্য তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বরাবর বিনা সুদে ঋণের আবেদন করেছেন। আবেদনকারী আইনজীবীর সংখ্যা প্রায় তিন হাজার। 

বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ২৮০০ এর অধিক আইনজীবী আবেদন করেছেন। ঋণ দেওয়ার জন্য এখন আমরা পরবর্তী প্রক্রিয়া শুরু করবো। আবেদন যাচাই বাছাই করে দেখবো । আমাদের কমিটির পক্ষ থেকে প্রত্যেকের সাথে যোগাযোগ করা হবে। তারপর প্রয়োজনীয়তা অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নিজেদের সদস্যদের ঋণ দেওয়ার জন্য ১৫ এপ্রিল সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি। ওই আবেদনের সময়সীমা ছিল ২৫ এপ্রিল। সমিতির ফান্ড থেকে আইনজীবীদের এই ঋণ দেওয়া হবে বলে জানানো হয়েছিলো। 

আরো পড়ুন : শেয়ারবাজারে লেনদেন চালুর নীতিগত সিদ্ধান্ত

প্রসঙ্গত ২৫ এপ্রিল থেকে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরে সিনিয়র আইনজীবীদের অনুরোধে সেই সিদ্ধান্ত স্থগিত করেন তিনি। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডাকা হয়। ওই সভায় করোনা পরিস্থিতিতে কোর্ট খোলার সিদ্ধান্ত ৫ মে পর্যন্ত স্থগিত করা হয়।
 

ইত্তেফাক/ইউবি