উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি করতে সরকারকে উকিল নোটিশ

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২০:৫৮

সিটি করপোরেশন ও পৌরসভার পাশাপাশি দেশের প্রত্যেক উপজেলায় টিসিবির পণ্য বিক্রির উদ্যোগ নিতে সরকারকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে,  টিসিবির পণ্য বিক্রি শুধু সিটি করপোরেশন এবং পৌরসভার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশের প্রত্যেক উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে বিক্রির ব্যবস্থা করা উচিত। এতে নিন্ম ও নিন্ম মধ্যবিত্তরা উপকৃত হবেন। 

নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে বাণিজ্য সচিব, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বরাবর  ই-মেইলের মাধ্যমে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

বেসরকারি সংগঠন 'ল এন্ড লাইফ ফাউন্ডেশন' এর পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার বৃহস্পতিবার এই নোটিশ পাঠান। নোটিশ প্রাপ্তির পর ব্যবস্থা নেওয়া না হলে হাইকোর্টে রিট করা হবে বলে জানান ব্যারিস্টার পল্লব। 

সরকারকে দেওয়া নোটিশে বলা হয়েছে, টিসিবির মাধ্যমে কম দামে ১০ টাকা মূল্যে চাল এবং অন্যান্য সামগ্রী বিক্রি করা হয়। সেটা বর্তমানে শুধু সিটি করপোরেশন এবং কিছু কিছু পৌরসভা এলাকার মধ্যে সীমিত। যে কারণে এর সুফল সারাদেশের নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা ভোগ করতে পারছে না। কিন্তু এই কম দামে খাদ্য দ্রব্য কেনার অধিকার বাংলাদেশের শুধু সিটি করপোরেশন এবং পৌরসভা এলাকার মধ্যকার মানুষের নয়। বরং বাংলাদেশের যে কোন প্রান্তে বসবাসকারী একজন সাধারণ মানুষের অধিকার রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে সরকারি ছুটি চলছে এবং সারাদেশে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে বিশেষ করে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা আছেন তারা ব্যাপক আর্থিক অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং তারা ক্রাইসিসে ভুগছেন। কিন্তু এই টিসিবির পণ্য যদি শুধু সিটি করপোরেশন এবং পৌরসভার মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশের উপজেলা লেভেলে বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে এই খাদ্য সমস্যা অনেকাংশে দূর হবে। অন্যদিকে যেহেতু এই উদ্যোগটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তাই এই বিষয়টিকে শুধুমাত্র সিটি করপোরেশন এবং পৌরসভার মধ্যে সীমিতকরণ অন্যান্য সাধারণ মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী। তাদেরও অধিকার আছে কম দামে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার। কাজেই কম মূল্যে রাষ্ট্রীয় খাদ্য সামগ্রী বিক্রি শুধু সিটি করপোরেশন অথবা কিছু নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখা সুস্পষ্টভাবে সংবিধান, মানবাধিকার এবং মৌলিক অধিকারের লংঘন।

ইত্তেফাক/ইউবি