লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত মো. ইউনুছ মাঝী (৬২) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনাভাইরাস শনাক্ত হওয়ার ১৭ দিন পর সুস্থ হয়ে ঢাকার কুয়েত-মৈত্রী সরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরেন তিনি।
শুক্রবার (১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহিম জানান, রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সবুজগ্রামের ইউনুছ মাঝী এপ্রিলের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জ তাবলীগ শেষে তিনি এলাকায় আসেন। জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়ে ৯ এপ্রিল তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১২ এপ্রিল বিআইটিআইডির পরীক্ষায় তার শরীরে করোনা ধরা পড়ে। পরে ওই দিন রাতেই তাকে চিকিৎসার জন্য ঢাকার কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠলে পর পর দুইবার তার করোনা পরীক্ষা করা হয়। দুটি পরীক্ষাই ফলাফল নেগেটিভ আসায় তাকে গত দুইদিন আগে বাড়িতে নিয়ে আসা হয়।
আরও পড়ুনঃ করোনা নয় নিউমোথোরাক্সে মারা যান রাজশাহীর সেই বৃদ্ধ
তিনি আরও বলেন, ইউনুছ মাঝী করোনা শনাক্ত হওয়ার পর তার বাড়িটি লকডাউন করে দেওয়ার পাশাপাশি তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরীক্ষায় তাদের ফলাফলও নেগেটিভ আসায় ওই বাড়ির লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইউনুছ মাঝী ছাড়াও রামগতিতে আরও চার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে ওই সব রোগীরদের চিকিৎসা দেওয়া হচ্ছে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান ।
ইত্তেফাক/ এমএএম
