জুড়ীতে দুই পুলিশ সদস্যের করোনা শনাক্ত

আপডেট : ০১ মে ২০২০, ২০:২৭

মৌলভীবাজারের জুড়ীতে প্রথমবারের মত দুইজন পুলিশ সদস্যের করোনায় শনাক্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ।

তিনি জানান, গত ২৬ এপ্রিল কোনো উপসর্গ ছাড়াই কয়েকজন পুলিশ সদস্য নমুনা জমা দেন। পরে তা সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। সন্ধ্যায় মৌলভীবাজার সিভিল সার্জন অফিস থেকে এদের মধ্যে দুইজনের করোনা পজেটিভ নিশ্চিত করা হয়। তাদের একজনের (২৬) বাড়ি সিলেটের বিয়ানীবাজার এবং অন্যজনের (২৭) বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়।

আরও পড়ুন: ছাগলে ক্ষেত খাওয়ায় রণক্ষেত্র, নিহত ১ আহত ১২

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আক্রান্তরা থানার বাহিরে কোথাও যায়নি। তারা নিয়মিত ডিউটি করতেন। গত এপ্রিল মাসে তাদের মৌলভীবাজার পুলিশ লাইন থেকে সংযুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বণিক বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের সিলেটের শহীদ সামছুদ্দিন সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের সাথে সংশ্লিষ্ট ১৩ জনকে তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ইত্তেফাক/এসি