এইচএসসি নির্বাচনী পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:১২

কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি নির্বাচনী পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কলেজের ছাত্র-ছাত্রীরা। এ সময় কলেজটির অধ্যক্ষ আব্দুর রউফের বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়। মঙ্গলবার দুপুরে কলেজ মাঠ থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।

এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের পরীক্ষার্থী মরিয়ম আক্তার, ফারিয়া হাসান রাহী, শাকিলা আক্তার সাথী বলেন, কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ সরকারি নীতিমালা উপেক্ষা করে পরীক্ষার্থীদের কাছ থেকে অন্যায়ভাবে বাড়তি ফি আদায় করছে। আমরা বাড়তি ফি দিয়ে পরীক্ষা দিতে পারব না জানালে তিনি বলেন, তোমাদের যা করার আছে কর। তাছাড়া তিনি সরকারি উপবৃত্তি দেওয়ার সময় গরিব মেধাবীদের উপেক্ষিত করে ধনী বাবা-মায়ের সন্তানদের উপবৃত্তি প্রদান করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ বলেন, গত ৮ আগস্ট এ কলেজটি সরকারিকরণ হয়। সরকারি নীতিমালা অনুযায়ী ছাত্র-ছাত্রীদের ফি ধরা হয়েছে। নীতিমালা বুঝতে একটু সময় লাগছে। যদি ফি বেশি নেওয়া হয়ে থাকে তাহলে সেই টাকা ফরম পূরণের সময় ফেরত দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।