মানিকগঞ্জে করোনায় আক্রান্ত ২১ জনের মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন। এদের মধ্যে আছেন- সিংগাইর উপজেলার তিনজন, হরিরামপুর উপজেলার একজন এবং শিবালয় উপজেলার একজন। সুস্থ হওয়া পাঁচজনের মধ্যে তিনজন তাবলীগ জামাত ফেরত, একজন পুলিশের কনস্টেবল ও একজন প্রেসব্যবসায়ী। মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, এ পর্যন্ত জেলায় মোট ৭৩৮ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৬৬৬টি পরীক্ষার ফল পাওয়া গেছে। পরীক্ষায় ২১ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় তাদের নিজ বাড়ি ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। আক্রান্তদের মধ্যে গত কয়েকদিনে সুস্থ হয়েছেন পাঁচজন। অন্যরা নিজ নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিসাধীন আছেন।
আরও পড়ুন: করোনার প্রভাব যেন শিশুর মনে গেঁথে না যায়
সিভিল সার্জন আরও জানান, সুস্থ হওয়া ব্যক্তিদের নমুনা তিনবার পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে মানিকগঞ্জ জেলা হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডের বেডের সংখ্যা ১৭ থেকে বাড়িয়ে একশ করা হয়েছে। এজন্য, ৭৬ জন চিকিৎসক এবং ৯০ জন নার্সের তালিকা প্রস্তুত করা হয়েছে। জনবল বাড়ানো পাশাপাশি চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে।
ইত্তেফাক/এসি
