গেইলকে জবাব দিলেন সারওয়ান

আপডেট : ০২ মে ২০২০, ২১:১৩

স্পোর্টস ডেস্ক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল বদলের প্রসঙ্গে ক্রিস গেইল কাঠগড়ায় তুলেছিলেন সাবেক সতীর্থ রামনরেশ সারওয়ানকে। এবার গেইলের কড়া সমালোচনার জবাব দিলেন সাবেক এই তারকা। জ্যামাইকা তালাওয়াসের সহকারী কোচ সারওয়ান এক বিবৃতিতে পরিষ্কার করেন নিজের অবস্থান। তিনি বলেন, ‘তার (ক্রিস গেইল) আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলাম আমি। আমি উত্তর দিয়েছি এই জন্য নয় যে, গেইলের গালভরা কথাগুলো এর উপযুক্ত। দিয়েছি এই জন্য যে, আমি মনে করি, পাবলিক রেকর্ড সব সময়ই ঠিক করে দেওয়া উচিত। একই সঙ্গে অনেকের চরিত্র ও ক্যারিয়ার রক্ষা করতে, যাদের ভাবমূর্তি সে কলঙ্কিত করতে চেয়েছিল।’ বিধ্বংসী ব্যাটসম্যান ও পুরনো সতীর্থ গেইলের প্রশংসাও করেন সারওয়ান। জানান, বন্ধুর মতো একজনের কাছ থেকে এমন কথা শুনে বেশ কষ্ট পেয়েছেন তিনি। বললেন, ‘এটি পরিষ্কার করছি যে, আমি গেইলের সঙ্গে ক্যারিয়ারের শুরু থেকে খেলছি। সব সময় তার প্রতিভার সম্মান করেছি। একজন সতীর্থ হিসেবে ও গুরুত্বপূর্ণ ছিল, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল বন্ধু হিসেবে। এমন মানহানিকর অভিযোগে আমি পুরোপুরি ধাক্কা খেয়েছি।’