মাঠে ফিরতে ফুটবলারদের ভয়

আপডেট : ০২ মে ২০২০, ২১:১৪

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা ইংলিশ প্রিমিয়ার লিগ আগামী জুন মাসে মাঠে ফেরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে এর আগে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো জানালেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে মাঠে ফিরতে ভয় পাচ্ছেন প্রিমিয়ার লিগের বেশির ভাগ খেলোয়াড়।

গত ১২ মার্চ থেকে স্থগিত ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগকে আগামী ৮ জুন পুনরায় মাঠে ফেরানোর আশা করছে লিগ কর্তৃপক্ষ। সেক্ষেত্রে হয়তো খেলোয়াড়রা অনুশীলনে ফিরবেন আগামী ১৮ মের মধ্যেই। আসছে কিছু দিনে এ নিয়ে আলোচনায়ও বসার কথা প্রিমিয়ার লিগের কর্তৃপক্ষ ও ক্লাবগুলোর। তবে এর আগে আর্জেন্টাইন এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে সিটি ফরোয়ার্ড বলেন, ‘বেশির ভাগ খেলোয়াড় ভয় পাচ্ছে, কারণ তাদের বাচ্চা ও পরিবার আছে।’

ভয়ে আছেন আগুয়েরো নিজেও, ‘আমি নিজেও ভীত। তবে আমি এখানে আমার বান্ধবীর সঙ্গে আছি। আমি অন্য মানুষের সংস্পর্শে যাচ্ছি না। আমি ঘরে বন্দি। একমাত্র ব্যক্তিকে আমি সংক্রমিত করতে পারি, আর সে হলো আমার বান্ধবী।’ ফুটবলারদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন কোনোপ্রকার উপসর্গ ছাড়াই। এটাই হয়তো বাড়িয়ে দিচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভয়কে। তিনি বলেন, ‘বলা হচ্ছে, অনেকের শরীরে কোনো উপসর্গ নেই, তবু তারা আক্রান্ত এবং অন্যকে সংক্রমিত করতে পারে। এ কারণেই আমি বাসায়। হয়তো আমারও রোগটা আছে, কিন্তু আমি জানি না।’

তবে প্রিমিয়ার লিগের দলগুলো অনুশীলনে ফিরলে কী ধরনের প্রটোকল মানতে হবে সে ব্যাপারে গুঞ্জন ইংলিশ সংবাদ মাধ্যমে। শোনা যাচ্ছে, প্রতি সপ্তাহে দুইবার করোনা পরীক্ষাসহ নিয়মিত দলীয় চিকিত্সকদের কড়া নজরদারিতে থাকবেন খেলোয়াড়রা। আর মৌলিক স্বাস্থ্যবিধি, মাস্ক পরা আর সামাজিক দূরত্ব মানা তো থাকবেই!