ক্রিকেটার হওয়ার জন্য রিশাব পান্তকে কঠিন সংগ্রাম করতে হয়েছে। একসময় রাত দুইটায় বাসে চেপে ছয় ঘণ্টার ভ্রমণে অনুশীলনে যেতেন ভারতীয় এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তিনি বলেন, ‘উত্তরখন্ডের সেসময় ক্রিকেট দল ছিল না। আমি তাই রাত ২টার বাস ধরতাম। ৬ ঘণ্টা লাগত দিল্লি যেতে। শীতকালে এভাবে যেতে খুব কষ্ট হতো, প্রচণ্ড ঠান্ডা পড়ে ওখানে। কুয়াশা তো ছিলই। পেছন ফিরে তাকালে, এখন অবশ্য খারাপ লাগে না। নিজের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতেই হবে।’ অ্যাডাম গিলক্রিস্টকে আদর্শ মানা এই ক্রিকেটার আরো বলেন, ‘সময়ের সঙ্গে একটা পর্যায়ে বুঝতে পেরেছি, নিজের আদর্শ ক্রিকেটারকে দেখে আমি শিখতে পারি। কিন্তু তাকে অনুকরণ করা যাবে না। তার ভালো দিকগুলো নিতে হবে, রপ্ত করার চেষ্টা করতে হবে এবং নিজের জীবনে ও ক্রিকেটে প্রয়োগ করতে হবে। একটা নিজস্বতা আমার গড়ে তুলতে হবে।’
