মারের মাদ্রিদ ওপেন জয়!

আপডেট : ০২ মে ২০২০, ২১:১৬

করোনা তবে বড়ো উপকারই করল অ্যান্ডি মারের! মাঠের টেনিসে কোমরের চোটের কারণে ব্রাত্য ছিলেন বেশ কিছুদিন ধরেই। সেখানে ‘ঘরের’ টেনিসে রীতিমতো শিরোপাই জিতে বসলেন! গত বৃহস্পতিবার রাতে প্রতিযোগিতার ফাইনালে ডেভিড গফিনকে হারিয়ে জিতে নেন ভার্চুয়াল মাদ্রিদ ওপেনের শিরোপা। মধ্য-জুলাই পর্যন্ত টেনিস স্থগিত থাকায় আয়োজকরা শীর্ষ ১৬ খেলোয়াড়কে ভার্চুয়াল টেনিস টুর্নামেন্টে অংশ নেওয়ার আহ্বান জানান। তাতেই সাড়া দিয়ে কন্ট্রোলার হাতে নেন অ্যান্ডি মারে, ডেভিড গফিন ডিয়েগো শোয়ার্টজম্যানরা। সেমিফাইনালে কানেকশন সমস্যার কারণে শোয়ার্টজম্যানের কাছে ওয়াকওভার পাওয়া মারে ফাইনালে ৭-৬ গেমে হারান গফিনকে। জেতেন দেড় লাখ ইউরো সমমানের পুরস্কারের সিংহভাগ, যার পুরোটাই যাবে নিচু সারির খেলোয়াড়দের কল্যাণ তহবিলে।