কোভিড-১৯
বিবিসি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে হাত ধোয়া জরুরি হলেও বাস্তবে অনেকে তা অনুসরণ করছেন না। এর কারণ হিসাবে ধরে নেওয়া হচ্ছে বিষয়টিকে তারা তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না। কিংবা আলস্যের কারণে তারা এটি থেকে বিরত থাকছেন। আর এ সুযোগে প্রাণঘাতী ভাইরাসটি মানবদেহে ঢুকে মৃত্যুর সংখ্যা বাড়িয়েই চলেছে।
এক জরিপে দেখা যায়, ২০১৫ সালে সারা দুনিয়ায় যত লোক বাথরুমে গেছেন এবং যাদের হাতের সঙ্গে ‘মলের সংস্পর্শ’ ঘটে থাকতে পারে—এমন লোকদের মধ্যে মাত্র ২৬ দশমিক ২ শতাংশ বাথরুম ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধুয়েছেন। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের পাবলিক হেলথ বিশেষজ্ঞ রবার্ট আউঞ্জার বলেন, এটা কোনো জটিল আচরণ নয়, কিন্তু তারপরও মানুষকে হাত ধোয়ার অভ্যাস করানোর অনুপাত খুবই কম। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে মানবজাতির ইতিহাসে যত বড়ো বড়ো জীবনরক্ষাকারী আবিষ্কার হয়েছে—তার মধ্যে অন্যতম হলো হাত ধোয়া। ১৮৫০ সালে ব্যাপারটা প্রথম জনপ্রিয় হতে শুরু করে এবং তারপর মানুষের প্রত্যাশিত আয়ু অনেক বেড়ে যায়। বর্তমানে যে কোভিড-১৯ মহামারি আকার ধারণ করেছে সে সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন, এটা কি পরিমাণ ছড়িয়ে পড়বে তা সেদেশের মানুষের হাত ধোয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে।
