বিশেষ ব্যবস্থায় বেনাপোল দিয়ে আমদানি শুরু

আপডেট : ০২ মে ২০২০, ২১:৫৮

বেনাপোল (যশোর) সংবাদদাতা

বিশেষ ব্যবস্থায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। করোনার কারণে প্রায় এক মাস আট দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি বাণিজ্য শুরু হয়। ভারত থেকে আসা প্রথম পণ্য চালানের মধ্যে ছিল ভুট্টা ১০ টন, পাট বীজ ও মেসতা বীজ ২৫ টন ও পান ১২ টন।

আমদানিকারক উত্স এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী উজ্জল রায় জানিয়েছেন, ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে না। ভারতীয় ট্রাক বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ড পর্যন্ত আসছে। সেখানে পণ্য আনলোড করে বাংলাদেশি ট্রাকে তোলা হচ্ছে।

বেনাপোল কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা শামিম হাসান বলেন, এ  বন্দর দিয়ে  আমদানি বাণিজ্য শুরু হয়েছে। বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তালুকদার বলেন. আমরা বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে কিছু আমদানি পণ্য নিয়ে আসতে পেরেছি। এরপর আস্তে আস্তে পণ্য আমদানি বৃদ্ধি পাবে। ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় প্রায় ২ হাজারের ওপর পণ্যবাহী ট্রাক আটকে আছে। আমরা সেগুলো পর্যায়ক্রমে নিয়ে আসব। যারা এখানে কাজ করছে তাদের মাস্ক ও পিপির ব্যবস্থা করা হয়েছে। এখানে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। গত ২২ মার্চ থেকে করোনা ভাইরাসের কারণে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিকাল থেকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম কয়েকটি পণ্য চালান এসেছে ভারত থেকে বাংলাদেশে।