এই সময়ের ছড়া

যা গেছে তা যাক না

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৬

নতুন বছর হবে শুরু বুকটা কাঁপে দুরুদুরু

এবার কী হয় এবার কী হয় দিতেই হবে মূল পরিচয়

তাই ওড়ালাম নীল আকাশে শুভ্র দুটি পাখনা

যা গেছে তা যাক না।

 

ফল পেয়েছি হাতে হাতে হিসেব না হয় না-ই মেলাতে

পারিনি তাই কী হয়েছে না হয় সবই ভেস্তে গেছে

এবার থেকে রাখব ঢেকে দিলাম লোহার ঢাকনা

যা গেছে তা যাক না।

 

আখের গোছান কাজটি সোজা তাই অনেকের দুচোখ বোজা

চোখ থেকে যে অন্ধ থাকে ঢিল ছোড়ে ঠিক সে মৌচাকে

মধুর লোভে সব করা যায় মানুষ তো আর কাক না

যা গেছে তা যাক না।

 

কাছের মানুষ হারায় যদি বুকের ভেতর দুখের নদী

বয় চিরদিন দুঃখ বাড়ে টের পেয়েছি হাড়ে হাড়ে

তাই কাকে আজ বলছি যেন আপন কাউকে ডাক না

যা গেছে তা যাক না।

 

ভালোবাসার দিন হলে শেষ কেউ কাঁদে কেউ কয় আহা বেশ

এমন করে হারায় নীতি নেই তবু আজ কারো ভীতি

আস্থাহারা জোয়ারে কেউ তালহারা গান গাক না

যা গেছে তা যাক না।

 

নতুন কিছু তুলব ঘরে দেখব এবার কে কী করে

ভালোর সাথে হাত মেলাবো দুঃখ কী আর যা-পাই পাবো

হঠাত্ শুনি দৈববাণী—এইবেলা চুপ থাক না

যা গেছে তা যাক না।