সাইবার অপরাধীদের দমন করতে হবে কঠোর হাতে

আপডেট : ০২ মে ২০২০, ২২:১১

এই করোনাকালে অপরাধের মাত্রা কমলেও ব্যতিক্রম সাইবার অপরাধী ও চাল চোরের দল। চাল চোরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। কিন্তু ডালপালা বিস্তারের সুযোগ পেয়েছে সাইবার ক্রাইম। করোনাকালে লোকজন ঘরে বন্দি থাকায় তাদের হাতে এখন অফুরন্ত সময়। কেউ কেউ এ সুযোগকে অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং, সাইবার বুলিং ও গুজব রটানোসহ নানা ধরনের অপরাধ সংঘটিত করছে। এ সময়ে অনলাইনে বেচাকেনা বেড়েছে বহুগুণ। তথ্যপ্রযুক্তিনির্ভর লেনদেন হচ্ছে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। এটাকে পুঁজি করে তত্পর হয়ে উঠেছে অপরাধীরা। এ অবস্থায় অনলাইন কেনাকাটায় সতর্ক থাকতে হবে। করোনা নিয়ে গুজব রটনা, কথিত ভ্যাকসিনের কথা বলে প্রতারণা, সহিংস উগ্রবাদ, সাইবার বুলিং, মিথ্যা সংবাদ প্রচারসহ এসংক্রান্ত নানা অপরাধ বেড়েছে সাম্প্রতিক সময়ে। একইসঙ্গে বেড়েছে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও টুইটারসহ বিভিন্ন সামাজিক ও যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নারীদের হয়রানির ঘটনা। বিশেষত গুজব মানুষের মনোবলে আঘাত হানছে। করোনা মোকাবিলায় সবচেয়ে বড়ো হাতিয়ার হলো মানুষের মনোবল। তাই সাইবার ক্রাইম প্রতিরোধে জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে হবে। শক্ত হাতে ভেঙে দিতে হবে এইসব অপরাধীর বিষদন্ত-নখর।

শুভ্র ঘোষ

নতুন বাজার, কলকলিয়াপাড়া, মাগুরা