বিশেষ প্রতিনিধি
রাজধানীর কদমতলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শিল্পীর আঁকা স্কেচ অনুসরণ করে একই এলাকা থেকে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ঐ ধর্ষকের নাম টুটুল। এ ব্যাপারে শ্যামপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ আলম বলেন, গত ২৫ এপ্রিল কদমতলীর মুরাদনগর এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর পাঁচতলা ভবনের ছাদে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় ধর্ষক। পরে ভুক্তভোগীকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি বলেন, অনেক খোঁজাখুঁজি করে ঘটনার রহস্য মিলছিল না। পরে এলাকার ১৬টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এক যুবককে ঐ শিশুর হাত ধরে নিয়ে যেতে দেখা যায়। কিন্তু মুখে মাস্ক পরার কারণে তাকে শনাক্ত করা যাচ্ছিল না। ফুটেজ থেকে মাস্ক পরা যুবকের ছবি শিল্পীকে দিয়ে স্কেচ করানো হয়। ঐ স্কেচ ছবি দেখেই শুক্রবার রাতে অভিযুক্ত টুটুলকে গ্রেফতার করা হয়। সে নিজের দোষ স্বীকার করেছে। তার বাসা মুগদা এলাকায়। সে কদমতলীতে তার নানা ও খালার বাসায় মাঝে মাঝে ঘুরতে আসত।
