সাগরে লঘুচাপ বজ্রসহ বৃষ্টি হবে আরো কয়েকদিন

আপডেট : ০২ মে ২০২০, ২২:৩৯

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বজ সহ বৃষ্টি হয়েছে। এ অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকবে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মাঝারি ধরনের কালবৈশাখী বয়ে যেতে পারে। পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার। যা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এদিকে আজ রবিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু্ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বেশি বৃষ্টি হয়েছে ময়মনসিংহে ৮৫ মিলিমিটার। এছাড়া ফেনীতে ৫০ মিলিমিটার, সৈয়দপুরে ৪৩ মিলিমিটার, বদলগাছিতে ৪০ মিলিমিটার, পটুয়াখালীতে ৩২ মিলিমিটার, সিলেটে ৩১ মিলিমিটার, তেঁতুলিয়ায় ২৯ মিলিমিটার, কুমিল্লা ও নেত্রকোনায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, কয়েকদিন পর এ অবস্থার উন্নতি হতে পারে।