নগরীর ইপিজেড থানার নিউমুরিং এলাকা থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার একটি ভবনের সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহফুজুর রহমান (২৪) এক জন হকার। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কমল নগর গ্রামে তার বাড়ি।
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোসাইন বলেন, ইপিজেড এলাকায় পুরোনো কাপড়ের ব্যবসা করতেন মাহফুজ। ফুটপাতে ত্রিপল দিয়ে ঘেরা দোকানে সে থাকত। যে ভবন থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেটি বুলু মাঝির মায়ের বিল্ডিং নামে পরিচিত। ভবনটিতে কিছু দোকান ও বাসা রয়েছে। ভবনের সিঁড়ির গেটে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। ময়নাতদন্তের পর মাহফুজের লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
