কেরানীগঞ্জে লকডাউন উপেক্ষা করে বাজার ও রাস্তায় ঘোরাঘুরি

আপডেট : ০২ মে ২০২০, ২২:৪২

কেরানীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পেলেও লোকজন প্রশাসনের আদেশ অমান্য করে অহেতুক বাজারে ও রাস্তায় ঘোরাঘুরি করছেন। এ পর্যন্ত কেরানীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জন। স্থানীয় প্রশাসন এরই মধ্যে থানার জিনজিরা, শুভাঢ্যা, আগানগর, কালিন্দী ও শাক্তাসহ ১০ এলাকা লকডাউন ঘোষণা করেছে। লোকজন যেন অহেতুক ঘর থেকে বাইরে ঘোরাঘুরি না করতে পারে সেজন্য রাজধানীর প্রবেশপথ বাবুবাজার সেতু, পোস্তগোলা সেতু ও বছিলা সেতু ব্যারিকেট দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ ও র্যাব-১০ এর সদস্যরা।

লোকজনকে ঘরে রাখতে নিয়মিত টহল ডিউটি করতে গিয়ে ইতিমধ্যে ১২ জন র?্যাব সদস্য ও কেরানীগঞ্জ মডেল থানার আট দারোগাসহ ১১ পুলিশ করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সা নিচ্ছেন। তবুও কোনোভাবেই কেরানীগঞ্জের লোকজন ঘরে থাকছেন না। মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান, ‘তারা শত চেষ্টা করেও লোকজনকে ঘরে রাখতে পারছেন না। মানুষ বিনা কারণেই বিভিন্ন অজুহাতে রাস্তা ও বাজারে ঘুরে বেড়াচ্ছেন। সামাজিক দূরত্বের ব্যাপারে কেউ নির্দেশনা মানছেন না।’